ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-ট্রাকের মাঝে চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন আপন ভাই।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ (৩০) এবং ইয়ার আলী (৪০) ও হাসান শেখ (২৬)। নিহতদের সবার বাড়ি মুকসুদপুর উপজেলার বরইতলার বিশ্মম্ভরদী গ্রামে। তারা সবাই বরাইতলা থেকে ইজিবাইকে করে টেকেরহাট যাচ্ছিল।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ খায়রুল আনাম, মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে অভারটেক করতে যায়। এসময় অপর দিক থেকে আসা টেকেরহাট গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মাঝখানে পড়ে যায় ইজিবাইক। এতে দুই গাড়ির চাপায় ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ইজিবাইক চালকসহ আরো বেশ কয়েকজন আহত হয়। আহত অবস্থায় ইয়ার আলী ও হাসান শেখকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিসাধীন অবস্থায় বিকেলে তারা মারা যান।