চার ব্যান্ডের কনসার্ট প্রত্যাহার

দেশের অন্যতম আলোচিত কনসার্টটির নাম জয়বাংলা কনসার্ট। এটি প্রতি বছর মার্চে অনুষ্ঠিত হয়। এই কনসার্ট থেকে একের পর এক দেশের এ সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলো নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। মূলত চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত ও নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েই এমন সিদ্ধান্ত নিচ্ছে ব্যান্ডগুলো।

জয়বাংলা কনসার্টে গাইবে না এমন ঘোষণা দেওয়া ব্যান্ডগুলো হলো ক্রিপ্টিক ফেইট, নেমেসিস,  আরবোভাইরাস, পপাই বাংলাদেশ ও বাংলাফাইভের সিনা হাসান। নিজেদের সামাজিক মাধ্যম হ্যান্ডেলে ঘোষণা দিয়েছে।

নেমেসিস তাদের ফেসবুক পেইজে লিখেছে,  গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনই জয়বাংলা কনসার্টে পারফর্ম করব না।  কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে।

আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের

সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হতো আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই-বা শুনবে। কিন্তু আর কত ভয়? ক্রিপটিক ফেইট তাদের প্রত্যাহারের কথা জানিয়ে ফেসবুকে লিখেছে, অনেকেই প্রশ্ন করছেন আপনারা জয়বাংলা কনসার্ট করবেন? যেই ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায়, অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয়বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর- ‘না’।

ব্যান্ডদল আরবোভাইরাসও এক ফেসবুক পোস্টে জানিয়েছে, জয়বাংলা কনসার্টে আর অংশ নেবে না তারা। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় দলটি। কনসার্ট বয়কট করার পাশাপাশি তারা আজীবনের জন্য এই কনসার্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করার কথাও জানান তারা।

তাদের পোস্টে লেখা ছিল, ‘আরবোভাইরাস কখনোই আর জয়বাংলা কনসার্টে পারফরম করবে না।’