ফিলিপাইনে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১১

ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সিটির চায়নাটাউনে একটি পাঁচতলা আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) ভোরে এ ঘটনাটি ঘটেছে বলে একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছান। টানা তিন ঘণ্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন কীভাবে লেগেছিল সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি।

ওই এলাকার নেলসন টাই নামক এক নির্বাচিত কর্মকর্তা রেডিও স্টেশন ডিজেডআরএইচকে বলেছেন, নিহতদের মধ্যে ভবন মালিকের স্ত্রীও রয়েছেন। রাতে বিক্রেতারা তাদের পণ্য রাখার জন্য ভবনটি ব্যবহার করতেন। ভবনে আরও মানুষ আটকা পড়েছেন কি না এবং তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফিলিপাইনে ভবন, বাড়ি ও দপ্তরে অগ্নিনিরাপত্তার রেকর্ড সামঞ্জস্যহীন বলে জানিয়েছে রয়টার্স। গত বছরের আগস্টে দেশটির একটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল।