রাহুল গান্ধীর সেলাই করা জুতার দাম উঠল ১০ লাখ

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৫:৩০ পিএম

দিন কয়েক আগে তিনি ছিলেন একজন সাধারণ মুচি মাত্র। সমাজে তার সেরকম কদর ছিল না। কিন্তু, এখন কোনো অংশে তিনি সেলিব্রেটির থেকে কম নন। তিনি হলেন উত্তরপ্রদেশের সুলতানপুরের রাম চেত। এখন ভিআইপিদের অনেকেই তার দোকানের সামনে গাড়ি থামিয়ে গল্প করছেন। 

আবার অনেকেই সেলফি তুলছেন রামের সঙ্গে। যেন রাতারাতি বদলে গিয়েছে রামের জীবন। এখন তিনি সকলের কাছে যোগ্য সম্মান পাচ্ছেন। আর তার জীবন বদলানোর নেপথ্যে যে ব্যক্তি রয়েছেন তিনি হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দোকানে বসে জুতা সেলাই করেছিলেন রাহুল। আর তার সেলাই করা সেই জুতর দাম ১০ লক্ষ টাকা পর্যন্ত উঠেছে। কিন্তু, তা বিক্রি করতে নারাজ রাম।

রাম চেত বলেন, ‘রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পরে আমার জীবন বদলে গিয়েছে। মানুষজন এখন আমার সঙ্গে সেলফি তুলতে আমার দোকানের সামনে গাড়ি থামাচ্ছে। অনেক ভালোবাসা ও সম্মান পাচ্ছি।’ 

জানা যায়, দিন কয়েক আগে সুলতানপুরে একটি মানহানির মামলার শুনানিতে আদালতে যাচ্ছিলেন রাহুল। সেই পথে তিনি রামের জুতা সেলাইয়ের দোকানে বসে তার সঙ্গে কথা বলেন। এরপর রাহুল একটি জুতাও সেলাই করেন। রীতিমতো সেই ভিডিও ভাইরাল হয়। শুধু তাই নয়, রাহুল রামকে জুতা সেলাইয়ের জন্য একটি মেশিনও দেন। 

এদিকে, রাহুলের জুতা সেলাইয়ের খবর ছড়িয়ে পড়তেই সেই জুতা কিনতে ভিড় জমে রামের দোকানে। প্রথমে একজন ৫ লক্ষ টাকার বিনিময়ে ওই জুতা কিনতে চেয়েছিলেন। পরে একজন রাহুলের সেলাই করা জুতার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত দিতে রাজি হন। কিন্তু, সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওই জুতা তিনি বিক্রি করবেন না। এমনকী মালিককেও জুতা ফেরাবেন না। তার বদলে তাকে জুতার দাম মিটিয়ে দেবেন।

রাম চেত দাবি করেছেন, কংগ্রেস নেতা তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য তার দোকানে আসার তিন দিন পরে ফের যোগাযোগ করেছিলেন। রাহুল তাকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। কংগ্রেসের তরফে রামকে দেওয়া রাহুলের সেলাই মেশিনের সেই ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করে তাকে ‘জনগণের নেতা’ বলে উল্লেখ করা হয়েছে। 

রাম কংগ্রেস নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাহুল গান্ধী আমাদের ত্রাতা। তিনি আমার সঙ্গে বসে জুতা সেলাই করেছেন। আমি এই জুতা যত্ন করে রাখতে চায়, এটা আমার জীবন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত