নরসিংদীতে শিক্ষার্থীদের গণমিছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুর ৩টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে আগে থেকে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে দুপুর পৌঁনে তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা সেখানেই স্লোগান দিতে থাকে। পরে তারা সামনে এগিয়ে আসলে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
বিকাল ৫টায় আন্দোলনকারীরা শহরের জেলখানার মোড়ে জড়ো হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, বিষয়টি পুরোপুরি আমার জানা নাই। খোঁজ নিয়ে দেখছি।