আনোয়ারায় অজানা রোগে ১০ মহিষের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় অজানা রোগে আক্রান্ত হয়ে একে একে ১০টি মহিষের মৃত্যু হয়েছে। হঠাৎ জ¦রে পড়ে মুখে লালা আসে, এর কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করে মারা যায় মহিষ। গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে এভাবে মহিষের মৃত্যুতে খামারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এদিকে মহিষের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে গত সোমবার কাজ শুরু করেছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়ার নেতৃত্বে এই টিমে রয়েছেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দোলন কান্তি দাশ ও জসিম উদ্দিন। তারা রোগ শনাক্ত করার জন্য মৃত মহিষের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রীয় রোগ গবেষণা কেন্দ্রে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ আগে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া (পারকি) এলাকায় কয়েকজন খামারির বেশ কয়েকটি মহিষ অসুস্থ হয়। এসব মহিষ জ¦রে আক্রান্ত হয়ে নাকে-মুখে লালা আসে। কোনো কিছু বুঝে ওঠার আগে একেক দিন একেকটি মহিষ মৃত্যুর কোলে ঢলে পড়ে।