ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে আন্দোলন প্রত্যাহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দেননি বলে জানিয়েছেন। এ ছাড়া জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়েছে বলেও দাবি করেন তারা।
গতকাল শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে সাংবাদিকদের পাঠানো ছয় সমন্বয়কের স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান সমন্বয়ক আবু বাকের মজুমদার। এতে আরও স্বাক্ষর করেন নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
এতে বলা হয়, গত ২৬ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবির একটি দল জোর করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে আসে। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৭ জুলাই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে সায়েন্স ল্যাব থেকে জোর করে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে আসা হয়। ২৮ জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোররাতে বাসার গেট ভেঙে নিয়ে আসা হয়। ছয় সমন্বয়কের বিবৃতিতে আরও বলা হয়, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় ‘নিরাপত্তার’ নামে ছয় সমন্বয়ককে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোর করে আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিএমপি ডিবিপ্রধান নিরাপত্তার কথা বললেও তাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল। তারা গুম, গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলেন; তারা তাদের মতপ্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলেন। কিন্তু অসাংবিধানিক ও আইনবহির্ভূতভাবে তাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি তাদের ছাড়া যাবে না।
বিবৃতিতে বলা হয়, ‘যারা নিরস্ত্র ছাত্র-নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না। সরকারের কাছে আমরা এ প্রহসনের নিরাপত্তা চাই না। আমরা আমাদের ভাইবোনদের খুনের বিচার চাই।’
আন্দোলন প্রত্যাহারের বিষয়ে এতে বলা হয়, ‘আন্দোলন প্রত্যাহার করে ডিবি কার্যালয় থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি (বিবৃতি) আমরা স্বেচ্ছায় দিইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারা দেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে, দেখা করতে দেওয়া হয়নি।’
বিবৃতিতে বলা হয়, ‘অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারা দেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন। পরে সে খবর জানামাত্র সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন।’
অনশনের বিষয়ে আরও বলা হয়, ‘অনশনের কথা পরিবার ও মিডিয়ার কাছে গোপন করা হয়। প্রায় ৩২ ঘণ্টারও অধিক সময় অনশনের পরে ডিবিপ্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। আমাদের ১ আগস্ট দুপুর দেড়টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত সাত দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সঙ্গে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ছয় সমন্বয়ক বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছাত্র-নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সরকার এখনো শিক্ষার্থীদের ওপর দমননীতি অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে। ছাত্র-নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। সারা দেশে ছাত্র-নাগরিকদের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রোপাগান্ডা ও দমনপীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন। শহীদের রক্ত বৃথা যাবে না।’