চোটের ঝুঁকি কমাতে টেস্ট থেকে স্বেচ্ছায় সরে গিয়েছিলেন তাসকিন আহমেদ। দেশের সেরা এই পেসার আবারও যদি ক্রিকেটের লংগার ভার্সনে ফিরতে চান, তাহলে তাকে বেশ কিছু মানদণ্ডে পরীক্ষায় পাস করতে হবে। আজ শনিবার আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষার পর সাংবাদিকদের এসব কথা বলেছেন বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘তাসকিন তো এতদিন টি-টোয়েন্টি সংস্করণে খেলেছে। ওই ফরম্যাটে লম্বা স্পেলে বল করা হয় না। ওর কাঁধের একটা সমস্যা ছিল, এমনকি বিশ্বকাপের সময়ও আমরা তার কাঁধ দেখিয়ে এনেছি। কাঁধের যে সমস্যাটা ছিল, সেটা একই রকম আছে। কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এটা নিয়ে আপনি খেলতে পারবেন। এর মানে হলো, সে যদি ওয়ার্কআউট করে, তাহলে সে খেলতে পারবে। সেদিক থেকে অবশ্যই তাসকিন টেস্টে অ্যাভেইলেবল (পাওয়া যাবে) আছে।’
তবে সমস্যা হলো, তাসকিন অনেকদিন ধরেই লম্বা দৈর্ঘ্যের ক্রিকেট খেলছেন না। তাই এই ফরম্যাটে ফিরতে তাকে লম্বা স্পেলে বোলিং করার অভ্যাস গড়তে হবে বলে জানালেন বায়োজিদুল, ‘টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড, লম্বা স্পেল করতে হয়। আস্তে আস্তে বিল্ড আপ করে তারপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে, এখন সে চেষ্টা করে দেখবে। সে যদি ভালো অনুভব করে, তাহলে সে ইনশা আল্লাহ আবার টেস্ট খেলতে পারবে।’