ফ্রান্সের উদযাপন সইতে পারেনি আর্জেন্টিনা; শুরু হয় মারামারি

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১১:৫৯ এএম

ফ্রান্সের কাছে হেরে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। হারের পর দুই দলের খেলোয়াড়েরা মারামারিতে জড়িয়ে পড়েন। তাদের সঙ্গে দুই দলের কোচ ও কর্মকর্তাদেরও হাতাহাতিতে জড়াতে দেখা যায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, জয় উদযাপনের সময় আর্জেন্টাইন খেলোয়াড়দের উত্যক্ত করেছিল ফরাসিরা। সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত।

বোর্দোয় শনিবার ১-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে উদ্‌যাপনের সময় ফরাসি মিডফিল্ডার এনজো মিলোট আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এতে ক্ষেপে গিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়েরা বিরোধে জড়ান। আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক নিকোলাস ওতামেন্দিও। বলেছেন, পরিবারের সদস্যদের সামনে এসে ফ্রান্সের খেলোয়াড়েরা উদ্‌যাপন করেছেন, যা তাকে ক্ষুব্ধ করেছে।

ওতামেন্দির ভাষায়, ‘এটা আমাকে খুবই ক্ষুব্ধ করেছে। খেলোয়াড়েরা উদ্‌যাপন করতে পারে। যেখানে খুশি সেখানে গিয়ে মজা করতে পারে। কিন্তু পরিবারের সামনে এসে উদ্‌যাপন করাটা মোটেই ভালো ব্যাপার নয়। সেখানে একজন ছিল, যার নাম পর্যন্ত আমি জানি না। বালদে বা বাদে (লোইক বাদে) আমি ঠিক জানি না। যদি সে উদ্‌যাপন করতে চায়, তার উচিত আমাদের সামনে আসা। আমরা এটার বিহিত করব। কী করা যায়, তা নিয়ে কথা বলব। এটা আমাকে রাগান্বিত করেছে যে তারা শিশু এবং পরিবারের সামনে গিয়ে উদ্‌যাপন করেছে।’

অলিম্পিক থেকে বিদায়ের আক্ষেপ নিয়ে ওতামেন্দি বলেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আগেও আমি অনেক পরাজয় দেখেছি। আমি জানি এই অনুভূতি কেমন। ছেলেরা ভালো খেলেছে। আমরা গোলটাই শুধু পাইনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত