পঞ্চগড়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে নয় দফা দাবি আদায়ে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৩ আগষ্ট) সকাল ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিলটি জেলা শহরের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক বৃষ্টি উপেক্ষা করে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে সমাবেশ শুরু করে। সেখানে অবস্থান নিয়ে নানান শ্লোগান দেন তারা। পুলিশকে দেখে শিক্ষার্থীরা ভূয়া ভূয়া শ্লোগান দিতে থাকে।

আমার ভাই মরলো কেন জবাব চাই, এই মুহুর্তে দরকার সেনাবাহিনীর সরকার, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, ছাত্রলীগের কালো হাত পুড়িয়ে দাওসহ নানান শ্লোগান দিচ্ছে তারা। আকস্মিক মহাসড়ক অবরোধে দুই পাশ থেকে যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়েছে সাধারণ পথচারীরাও।

সমাবেশে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান সংহতি প্রকাশ করে বলেন, “আমরা আন্দোলনের মাঠে আছি। সকল হত্যার বিচার করতে হবে। সরকারের পদত্যাগ করতে হবে। তিনি সকলকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে নেওয়ার আহবান জানান। বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।”

শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল ও রবিউল ইসলামসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন।