২টি ট্রলারডুবি

ভোলায় নিখোঁজ ৮, শরীয়তপুরে ২ লাশ উদ্ধার

ভোলার চরফ্যাশনে সাগরের মোহনা ঢালচরের শিবচর এলাকায় মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে আরও আটজন। গত শুক্রবার মাছ ধরে ফিরে আসার সময় সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে দুলাল চৌকিদারের মালিকানাধীন ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৩ জেলে নদীতে পড়ে যান। পরে অন্য আরেকটি মাছ ধরার ট্রলার এগিয়ে এসে পাঁচ জেলেকে উদ্ধার করে। বাকি আট জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন নুর আলাম, কবির, শাহে আলম, বেল্লাল, ছাদেক, সবুজ, হোসেন মাঝি ও জাহাঙ্গীর।

এদিকে শরীয়তপুরের মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে মেঘনা নদীর মাঝেরচর থেকে শাওন ব্যাপারী ও গতকাল শনিবার দুপুরে হৃদয় ব্যাপারী নামের দুজনের মরদেহ উদ্ধার করেছেন জেলেরা।

উদ্ধার হওয়া শাওন পুরান ঢাকার ধোলাইখালের শাহজাহান ব্যাপারীর ছেলে ও হৃদয় একই এলাকার বলু ব্যাপারীর ছেলে। এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার হলো। তবে দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শান্ত ব্যাপারী।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, গত শুক্রবার সকালে কোদালপুর লঞ্চঘাট থেকে ট্রলারযোগে পরিবারের আটজনসহ ১১ জন মাঝেরচর যাচ্ছিলেন। মাঝ নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ডুবে যায় তাদের বহনকারী ট্রলারটি।