গণমাধ্যমসহ যেসব সেবা ‘অসহযোগ আন্দোলনের’ বাইরে

আজ রবিবার থেকে সারা দেশে সর্বাত্মক ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। কর্মসূচি সফল করার জন্য সবার উদ্দেশ্যে ১৫টি নির্দেশনা দিয়েছে তারা। এতে বলা হয়, কর্মসূচি চলাকালে গণমাধ্যম এই কর্মসূচির বাইরে থাকবে।

গতকাল শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব নির্দেশনার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা কোথাও কোথাও হামলার শিকার হয়েছেন। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদীসহ সারা দেশে কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন।  

 ফেসবুক স্ট্যাটাসে ‘অসহযোগ আন্দোলন’ চলাকালে যেসব বিষয় বাইরে থাকবে  যেসব বিষয় নিয়ে সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীসহ পরিবহন সেবা চালু থাকবে। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে বলেও জানান আসিফ মাহমুদ।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও সুযোগ আর নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে।