ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলি ২২ গজে প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। মাঠের লড়াইয়ে তিনি এক ইঞ্চি জমিও ছাড়েন না। প্রতিপক্ষের কোনও ক্রিকেটার তাকে খারাপ কিছু বললে মুখে এবং ব্যাট হাতে জবাব দিয়ে দেন। কোনো সতীর্থকে কেউ কটু কথা বললেও প্রতিবাদ করেন। কিন্তু মাঠের বাইরে কিং কোহলি নিপাট ভদ্রলোক। এমনকী তিনি নাকি মারামারিও করতে পারেন না!
বর্তমানে ওয়ানডে সিরিজ খেলতে কোহলি আছেন শ্রীলঙ্কায়। সম্প্রতি তার দেওয়া একটি সাক্ষাৎকারের একাংশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কখনও কারও সঙ্গে আমি লড়াই করি না। হাতাহাতি করার তো প্রশ্নই নেই। যে কেউ আমাকে মেরে পালিয়ে যেতে পারে! অন্যকে যা খুশি বলে দিতে পারি। ওই মুখেই, মারামারি করতে পারব না।’
ক্রিকেট মাঠে কোহলির আচরণ নিয়ে অনেক চর্চা হয়েছে। তার বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে বানানো হয়েছে মিম। আসলে মাঠের কোহলি ভীষণ আগ্রাসী। তাকে কেউ চটিয়ে দিলে আরও ভয়ংকর হয়ে ওঠেন। স্লেজিংয়ে কাবু করেন প্রতিপক্ষকে। কিন্তু মারামারি কখনই নয়। কোহলির ভাষায়, ‘মাঠে অবশ্য অনেক কথাই বলি, কিন্তু আমি জানি সেই বিবাদটা কখনই হাতাহাতির পর্যায়ে যাবে না। আম্পায়ার এসে মধ্যস্থতা করবেন।’
যাই হোক, কোহলির এই বক্তব্যে ক্রিকেটপ্রেমীরা কিন্তু বেশ অবাকই হয়েছেন। কারণ, মাঠের লড়াইয়ে কোহলিকে তারা যেভাবে দেখতে অভ্যস্ত, সেটার সঙ্গে এই দাবিটা বেশ অসামঞ্জস্যপূর্ণ। আসলে এতে ক্রিকেটার কোহলির সঙ্গে ব্যক্তি কোহলির চারিত্রিক পার্থক্যের দিকটিই উঠে এসেছে।