লক্ষ্মীপুরে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২, শতাধিক গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে এক দফা দাবিতে আন্দোলনরতদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এতে দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে শতাধিক গুলিবিদ্ধসহ অন্তত ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

নিহতরা হলেন- কলেজছাত্র আফনান ও মো. কাউসার। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল। সংঘর্ষে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের এমপি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরীর শহরের বাসভবনে আন্দোলনকারীরা হামলা ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোববার বেলা এগারোটার দিকে বাগবাড়ি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। এ সময় বাগবাড়ি এলাকায় জড়ো হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। তারা মিছিল নিয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এসময় মাদাম এলাকা থেকে পাল্টা মিছিল নিয়ে ঝুমুর সিনেমাহলের দিকে যেতে চাইলে দুই-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সংঘর্ষে শতাধিক গুলিবিদ্ধসহ অন্তত ১৫০ জন আহতের খবর পাওয়া গেছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।