কুমিল্লায় আওয়ামী লীগের অফিসসহ বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুর

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন, উপজেলা আওয়ামী লীগের অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) সকালে এসব স্থাপনায় হামলা চালায় তারা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা যায়, একদফা দাবি নিয়ে সোমবার সকালে নাঙ্গলকোট পৌর বাজারে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। পরে নাঙ্গলকোট রেলস্টেশনে হামলা চালিয়ে কম্পিউটার, দরজা, জানালাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ভাঙচুর করে। শেষে রেলস্টেশনে থাকা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে পৌর মেয়র আব্দুল মালেকের বাড়ি ভাংচুর করে। এছাড়া তারা উপজেলার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। 

এ বিষয়ে নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আমার বাড়ি ভাঙচুর করে বিভিন্ন মালপত্র নিয়ে গেছে।’ 

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘বিক্ষোভকারীরা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা পরিবেশ-পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’