‘গুলি করতে দেখেছি’ বলে টমটম চালককে কুপিয়ে হত্যা

ফেনীতে জাফর আহামদ (৫০) নামের এক টমটম চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফেনী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিশ্চুক তার এক আত্মীয় বলেন, সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা শোনার পর ফেনীতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনতা বিজয় উল্লাস করছিল। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাস্টার পাড়ার মুখে কানন সিনেমা হলের সামনে বিজয় উল্লাস দেখছিলেন তিনি। এ সময় কয়েকজন বলে উঠেন, জাফরকে রবিবার মহিপালে গুলি করতে দেখেছি। তখন সকলে মিলে তাকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে তার গায়ের জামা ছিড়ে ফেলে।

ওই আত্মীয় আরও বলেন, তখন আমি ওই ছেলেদের বলি উনাকে মারবেন না, উনি নিরীহ মানুষ। তারা আমার কোনো কথা শুনল না। পরে তাকে টেনে-হিঁচড়ে ফেনী পৌরসভার সামনে নিয়ে মাথায় এলোপাতাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় জাফর ভাইকে গাড়িতে তুলে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাফর আহামদ সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ফতেহপুর মোমিন টেইলার বাড়ির ওবায়দুল হক মুন্সির বড় ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকায় গার্মেন্টসে কাজ করেছেন। ১০ বছর আগে ফেনী আসেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শহরের নাজির রোডে ভাড়া বাসায় থাকতেন। টমটম চালিয়ে তার সংসার চলত।

জাফরের স্ত্রী আছিয়া বেগম বলেন, ‘কি অপরাধ করেছে আমার স্বামী, এমন নির্মমভাবে তারা আমার স্বামীকে মারল, আমার সব শেষ। আমি এর উপযুক্ত বিচার চাই।’

জাফরের ছোট ভাই মনির ও বোন রাজিয়া এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নামাজে জানাজা শেষে জাফরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।