সপরিবারে শ্যামল দত্তের দেশত্যাগের চেষ্টা, ফিরিয়ে দিল পুলিশ

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৮:২৮ পিএম

সপরিবারে দেশত্যাগের চেষ্টা করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত। তবে ইমিগ্রেশন পুলিশের বাধায় দেশ ছাড়তে পারেননি তিনি।

মঙ্গলবার (০৬ আগস্ট) বিকাল ৩টার দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যান শ্যামল দত্ত।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, বিকালে স্ত্রী সঞ্চিতা দত্ত ও মেয়ে সুনন্দা দত্তকে সঙ্গে নিয়ে ইমিগ্রেশনে আসেন শ্যামল দত্ত। তবে পুলিশের বিশেষ শাখা থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাদেরকে ভারতে যেতে দেওয়া হয়নি। বিকাল সাড়ে ৪টার দিকে শ্যামল দত্তকে তার পরিবারসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, মন্ত্রী-এমপি, রাজনৈতিক নেতা ও সরকারি বেশ কিছু কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে কঠোর নজরদারি করছে ইমিগ্রেশন পুলিশ। ইতিমধ্যে আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার নিয়ন্ত্রিত করেছে কর্তৃপক্ষ। ফলে গুরুতর অসুস্থ রোগী ছাড়া অন্য কোনো ভিসার যাত্রী চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত