সাকিব এখন আর সাংসদ নয়: শাহরিয়ার নাফীস

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে বদলে যাচ্ছে ক্রিকেটাঙ্গনও। জাতীয় দলে অবধারিতভাবেই আসছে পরিবর্তন। আলোচনার মূলে সাকিব আল হাসান। আওয়ামী লীগের টিকিটে সাংসদ হওয়া সাবেক এই অধিনায়ক কি আর জাতীয় দলে ফিরতে পারবেন? আসন্ন পাকিস্তান সফরে তিনি কি দলে থাকবেন? এমনই নানা প্রশ্ন চারদিকে।

সাকিব এখন কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন। সেখান থেকেই তার পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। এ কারণেই তাকে আপাতত আর দেশে আসতে হচ্ছে না। কিন্তু পাকিস্তান সফরের দলে সাকিব থাকবেন কিনা- সে বিষয়ে বিসিবি থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি।

আজ বুধবার মিরপুর শেরে বাংলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীসও সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি, ‘সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবে প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে। ১২ আগস্ট পর্যন্ত তার এনওসি আছে। এরপর বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ উপলক্ষে পাকিস্তান ইতোমধ্যেই দল ঘোষণা করেছে। তবে বিসিবি কবে দল ঘোষণা করবে সেটা কেউ জানে না। নাফীসও প্রকাশ করলেন অসহায়ত্ব, ‘বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত দল (পাকিস্তান সফরের) ঘোষণা করেনি। দল ঘোষণার পর সে যদি দলে থাকে, তখন একরকম। আর যদি দলে না থাকে তখন তো তার এনওসির কোনো বিষয় আসছে না।’

সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকেই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করতে চায় বিসিবি। নাফীস বলেন, ‘আলহামদুলিল্লাহ আজকে আমরা 'এ' দলের অনুশীলন শুরু করতে পেরেছি। গত ৩-৪ দিনের অবস্থার কারণে আমাদের ফ্যাসিলিটিজের কী অবস্থা সেটাও আমরা বুঝতে পারছিলাম না। আজকে এসে দেখেছি মাঠকর্মীরা সব প্রস্তুত রেখেছেন। তাই 'এ' দলের অনুশীলন শুরু করতে পেরেছি। আশা করি, আগামীকাল জাতীয় দলের অনুশীলনও শুরু করতে পারব।’