পাকিস্তানের শাহিনসেও জাতীয় দলের ক্রিকেটারদের ছড়াছড়ি

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৬:২২ পিএম

বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন নিয়ে সমালোচনার শেষ নেই। ‘এ’ দল কিংবা এইচপিতেও দেখা যায় জাতীয় দলের ক্রিকেটারদের ছড়াছড়ি। তবে এমন অবস্থা শুধু এ দেশেই নয়, পাকিস্তানেও দেখা গেল। তাদের শাহীনস দলটিতেও জাতীয় দলের ক্রিকেটার ভুড়ি ভুড়ি।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের আগে দুই দেশের ‘এ’ দলের সিরিজ। প্রস্তুতির জন্য বাংলাদেশের জাতীয় দলের অনেককেই রাখা হয়েছে ‘এ’ দলে। পাকিস্তান শাহিনসের হয়েও খেলবেন মূল দলের আটজন। প্রথম চারদিনের ম্যাচের জন্য বুধবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের নেতৃত্ব দিবেন সৌদ শাকিল। জাতীয় দলেও তিনি পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব।

আগস্টের ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে ১৩ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবেন নাসিম শাহ। তার আগে ডানহাতি এই পেসার নিজেকে ঝালিয়ে নিতে খেলবেন শাহিনসের হয়ে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকা বড় নামদের মধ্যে সরফরাজ আহমেদ আছেন শাহিনসে। মূল দলের সাঈম আইয়ুবও খেলবেন মুশফিকুর রহিমদের ‘এ’ দলের বিপক্ষে। পাকিস্তানের লাল বলের জাতীয় দলে ডাক পেয়েছেন মোহাম্মদ আলী, কামরান গুলাম ও মোহাম্মদ হুরাইরা। তবে ইসলামাবাদে প্রথম চারদিনের ম্যাচেও মাঠে নামবেন তারা। পাকিস্তানের ১৭ সদস্যের স্কোয়াডে থাকা মীর হামজাও খেলবেন সেই ম্যাচে।

প্রথম চারদিনের ম্যাচের জন্য পাকিস্তান শাহিনসের স্কোয়াড

সৌদ শাকিল (অধিনায়ক), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ রামিজ জুনিয়র, মোহাম্মদ হুরাইরা, নাসিম শাহ, সাদ বেগ, সাদ খান, সাঈম আইয়ুব, সামিন গুল, সরফরাজ আহমেদ, উমর আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত