প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে একটি স্বার্থান্বেষী মহল। এ সুযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুচক্রী মহলের বিরুদ্ধে সনাতন ধর্মলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
উপজেলার জগদল ট্যামকা ভিটা, কাশিপুর কোরলডুবা, কামারটলি, কাশিডাঙ্গা, ঝাপড়টলা, ঝাড়বাড়ি এলাকার হিন্দু সম্প্রদায়ের ৫ শতাধিক নারী-পুরুষ সীমান্ত পাড়ি দেওয়ার জন্য বুধবার সকাল থেকে জগদল সীমানেন্ত অপেক্ষা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের যেতে বাঁধা দেন।
খবর পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন দেশ ছেড়ে ভারতে না যায় এজন্য উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। পরে ইউএনও ক্ষতিগ্রস্থ এলাকার বাড়িঘর পরিদর্শন করেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের স্থানীয় সমন্বয়কারী ও প্রতিনিধিরা বিভিন্ন পড়া মহল্লায় মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয় পাহারা দিচ্ছেন। সেইসঙ্গে কোনো স্বার্থান্বেষী মহল যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পরে সেজন্য পাড়া মহল্লায় কমিটি গঠন করছে।