নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা। মাঠে পুলিশ সদস্য ও পরিচ্ছন্নতাকর্মী না থাকায় গতকাল দিনভর এ কাজের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন তারা। দেশের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের এমন ভূমিকা সব মহলে প্রশংসিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর
রাজশাহী : গতকাল দিনভর নগরীর বাস টার্মিনাল, আলুপট্টি মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট, মনিচত্বর, লক্ষ্মীপুর, রেলগেট, বর্ণালী মোড়সহ বিভিন্ন স্থানে যানজট নিরসনে দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের রোভার স্কাউট সদস্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) ও রেড ক্রিসেন্ট সদস্যরা এসব দায়িত্ব পালন করেন। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ধ্বংসস্তূপ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার কাজও করেন তারা।
কুড়িগ্রাম : শহরের দাদামোড়, ঘোষপাড়া, পৌরবাজার, কলেজ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আনসারের পাশাপাশি শিক্ষার্থীরা যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতার কাজ চলমান না থাকায় ছাত্রীরা কোমর বেঁধে ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। সড়কে দায়িত্ব পালন করা ও পরিচ্ছন্নতা কাজে সম্পৃক্ত শিক্ষার্থী নাহিদ, মিলন, রিয়া, রুহি ও রাকিব জানান, নিজ দায়িত্ববোধ থেকে তারা সড়ক পরিচ্ছন্নতার কাজ করছেন। পাশাপাশি সড়কে ট্রাফিকের দায়িত্বও পালন করছেন। এ ছাড়া যারা হেলমেট না পরে মোটরসাইকেল চালাচ্ছেন, তাদেরও সচেতন করছেন।
নাটোর : শহরের মাদ্রাসা মোড়, নিচাবাজার, ছায়াবাণী মোড়, স্টেশনবাজার এলাকায় সড়ক পরিষ্কার করেন শিক্ষার্থীরা। এ ছাড়া সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্বও পালন করতে দেখা গেছে তাদের। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝাড়ু ও বেলচা হাতে নিয়ে রাস্তা পরিষ্কার করছেন। এই কাজে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদী বলেন, ‘নিজ দায়িত্ব থেকে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাস্তায় নেমেছি। আবার অনেকে সড়কে যানজট নিরসনেও কাজ করছেন।’
পঞ্চগড় : শহরের শেরেবাংলা পার্ক এলাকায় ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা কাজ করছেন। তাদের সহযোগিতা করছেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বিএনসিসির সদস্যরা। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণে আনসার ও বিএনসিসি সদস্যদের সহযোগিতা করতে দেখা যায়।
রাজবাড়ী : সকাল থেকেই শহরের রাস্তাগুলোয় কয়েক দিনের জমে থাকা ময়লা পরিষ্কার করাসহ ট্রাফিক পুলিশের কাজ করেন শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় ফিরে না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও রোবার স্কাউটের সদস্যরা রাজবাড়ী শহরের বড়পুল, পান্না চত্বর রেলগেটসহ গুরুত্বপূর্ণ স্থানে নিয়ম মেনে যান চলাচল করতে সহযোগিতা করছেন। কিছু শিক্ষার্থী ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করার কাজ করছেন।
ঠাকুরগাঁও : সকাল থেকেই শহরের চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ড, আমতলা মোড়, আর্ট গ্যালারি, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। শহরের চৌরাস্তায় গিয়ে দেখা যায়, মুখে বাঁশি, মাথায় ছাতা নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : দোহার ও নবাবগঞ্জে বিভিন্ন এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শ্রীপুর (গাজীপুর) : উপজেলার বিভিন্ন স্থানে আগুনে পোড়া ধ্বংসস্তূপ পরিষ্কারে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে পড়ে থাকা ভস্ম পরিষ্কারের মধ্য দিয়ে তারা এই পরিষ্কার অভিযানে নামেন। আরও কয়েক দিন এই অভিযান চালাবেন শিক্ষার্থীরা।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : উপজেলার পৌর শহরে পরিচ্ছন্নতা এবং সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শিক্ষার্থীরা। পৌর শহর ঘুরে দেখা যায়, আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা পালা করে নিয়ন্ত্রণ করছে ট্রাফিকের দায়িত্বও।
সিংড়া (নাটোর) : উপজেলা স্মৃতিসৌধ, উপজেলা পরিষদ চত্বর ও সড়ক পরিষ্কারে মাঠে নামেন উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শিহাব, নোমান, সিয়াম, ওমর ফারুক, নাফিস ও দ্বীপ এই কাজের নেতৃত্ব দেন।