একটু সময় দিন পরিস্থিতি স্বাভাবিক হবে : সেনাপ্রধান

প্রবল গণ-আন্দোলনের মুখে সরকার পতনের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে নৈরাজ্য ও সহিংসতার ঘটনায় সাধ্যমতো চেষ্টা করার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘আমাকে একটু সময় দেন, স্বাভাবিক পরিস্থিতি নিয়ে চলে আসব।’

গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।

শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেন, ‘যদি কোনো ব্যর্থতা থাকে, সেই দায়দায়িত্বও আমার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। আমাদের আরও অনেক কাজ করতে হবে। আমাকে একটু সময় দেন, স্বাভাবিক পরিস্থিতি নিয়ে চলে আসব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েছিলেন এবং তারা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল।

সেনাপ্রধান বলেন, ‘তারপরও কিছু কিছু ঘটনা ঘটেছে। পরিস্থিতি অনেক শান্ত হয়ে আসছে। পুলিশ কোনো দায়িত্ব পালন করছে না। পুলিশের একটা বড় শক্তি, এটার যে ভয়েড (শূন্যতা) সৃষ্টি হয়েছে, তা সেনাবাহিনী দিয়ে পূরণ করা সম্ভব নয়। তারপরও চেষ্টা করে যাচ্ছি। হাজার হাজার লোককে আমরা এসব সমস্যা থেকে উদ্ধার করেছি। বহু পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করেছে সেনাবাহিনী।’

পুলিশের শূন্যতা পূরণ সেনা, বিমান ও নৌবাহিনীর পক্ষে সম্ভব নয় উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘আমি এটুকু আপনাদের বলছি যে যারা এসব (সহিংসতা-লুটপাট-আগুন দেওয়া) কাজে জড়িয়েছে, তাদের আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করব।’

পুলিশের পুনর্গঠনের কাজ চলছে বলে জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেন, ‘পুলিশপ্রধান হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে। পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।’

অনেক ধরনের গুজব চলছে এবং তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনী নিয়ে সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে এসব গুজব রটানো হচ্ছে। নিশ্চিত না হয়ে কাউকে কোনো সংবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে।’

গণমাধ্যম ইতিমধ্যে অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে সংবাদ পরিবেশন করছে বলেও উল্লেখ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়া শিক্ষার্থীরা এখনো ভালো কাজ চালিয়ে যাওয়ায় তাদের অভিনন্দন জানান তিনি।

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সর্বদা জনগণের সঙ্গে আছে এবং থাকবে জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমরা সবার সঙ্গে মিলে কাজ করে যাব।’

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হতে পারে জানিয়ে সেনাপ্রধান বলেন, ড. ইউনূসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে।

সেনাপ্রধান বলেন, ‘কিছুক্ষণ আগে ড. ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য।’

বিদেশে থাকা মুহাম্মদ ইউনূস আজ বেলা ২টার দিকে দেশে আসবেন জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমি ওনাকে রিসিভ (অভ্যর্থনা জানাতে) করতে যাব। আমরা তাকে সর্বতোভাবে সহায়তা করব। সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, সব রাজনৈতিক দল, শিক্ষার্থী সবার কাছ থেকে তিনি সহযোগিতা পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে ওনারা এ কাজ সমাধা করতে সক্ষম হবেন।’

এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘আগামীকাল (আজ) শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করার। বিকেলে খুব টাইট হয়ে যেতে পারে, যেহেতু উনি ২টা ১০ মিনিটের দিকে আসবেন। আমরা রাত ৮টার দিকে করতে পারি। হয়তো ৪০০ জন লোকের উপস্থিতি সেখানে থাকবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জনের মতো থাকতে পারেন। তবে এর সঙ্গে দু-একজন যোগ-বিয়োগ হতে পারে।’