পদত্যাগ শুরু বাফুফেতে, প্রথম নাম সালাম মুর্শেদী

পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী।  গতকাল বৃহ্স্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মুর্শেদীর পদত্যাগের কারণটি ব্যক্তিগত বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শেখ হাসিনা সরকার পতনের পর অন্যান্য অনেক জায়গার মতো ক্রীড়াঙ্গনেও পদত্যাগের বিষয়টি আঁচ করা যাচ্ছিলো। সেই তালিকায় প্রথম নামটি হলেন তিনি।

দেশের ফুটবলের সাবেক এই তারকা ২০০৮ সাল থেকে সিনিয়র সহ সভাপতি হিসেবে বাফুফেতে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাফুফে ফিন্যান্স কমিটি ও বাফুফে রেফারিজ কমিটির চেয়ারম্যান ছিলেন। এ পদগুলো থেকেও তিনি পদত্যাগ করেছেন।

ব্যক্তিজীবনে তিনি এনভোয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি।  এর আগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ছিলেন মুর্শেদী। ২০১৪ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত হন।

একই সঙ্গে তিনি জড়িত দেশের রাজনীতিতেও। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসন থেকে বাংলাদেশের আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সদ্য বিলুপ্ত সংসদেরও সদস্য ছিলেন মুর্শেদী।