শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালো বিসিবি

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৫:৪২ পিএম

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে গত কয়েকদিনে দেশ চলছে মূলত সরকারবিহীন। তাই ফাঁকা প্রশাসনের কারণে জনজীবনে স্থবিরতা। রাস্তায় নেই ট্রাফিক পুলিশ। যতটুকু সম্ভব শৃঙ্খলা আনয়নে দারুণ কাজ করে যাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা। তাদের পাশে থাকতে এগিয়ে এসেছে বিসিবি।

ওই দায়িত্ব পালন করতে গিয়ে প্রচণ্ড তাপদাহে ক্লান্ত হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। সঙ্গে খাবারের জন্য জায়গা ও শৌচাগারের ব্যবহার নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের। এই ভাবনা থেকে মিরপুর দুই নম্বরে দায়িত্বে থাকা শিক্ষার্থীদের জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কিছু জায়গা ছেড়ে দিয়েছে বিসিবি।

আজ এই শিক্ষার্থীদের জন্য ২৫০ প্যাকেট খাবার বিতরণ করে বিসিবি। ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের কর্মচারীরা স্টেডিয়ামের আশপাশে রাস্তায় গাড়ি চলাচলে সাহায্য করা স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। যেখানে বার্গার ও পানির বোতল দেওয়া হয়। শিক্ষার্থীর যতদিন রাস্তায় থাকবেন, ততদিন এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।

সাধারণত মাঠে খেলা থাকলে বা অনুশীলনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারের ডাইনিং বেশ ব্যস্ত থাকতে দেখা যায়। তবে দেশের চলমান পরিস্থিতিতে বেশ নির্জন পড়ে ছিল এই ডাইনিংটা। আজ অবশ্য একদম ব্যতিক্রম চিত্র দেখা গেল। এখানে রাস্তার শৃঙ্খলা রক্ষায় কাজ করতে থাকা শিক্ষার্থীদের বিশ্রামের জন্য সুযোগ করে দিয়েছে বিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত