জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তাজনিত কারণে অস্ট্রিয়ার মার্কিন পপতারকা টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল হয়েছে। বৃহস্পতি ও শনিবারের মধ্যে এই তিন কনসার্ট হওয়ার কথা ছিল। অস্ট্রিয়ায় টেইলর সুইফটের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিউজিক শোগুলো বাতিলের খবর জানিয়েছে। লেখা হয়েছে, ‘আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে পরিকল্পিত হামলার বিষয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পর আমরা বাধ্য হয়ে সবার নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্বনির্ধারিত এই তিন শো বাতিল করছি।’
পুলিশ জানিয়েছে, ‘আইএসের প্রতি সহানুভূতিশীল’ এক ১৯ বছর বয়সী অস্ট্রিয়ার নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক উপকরণ পাওয়া গেছে। অন্য ব্যক্তিকে ভিয়েনায় গ্রেপ্তার করা হয়।’ টিকিটের মূল্য ক্রেতাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।