অলিম্পিকের সোনার পদক পোষা কুকুরকে উৎসর্গ

চলতি প্যারিস অলিম্পিকে মেয়েদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে সেরা হয়েছেন নেদারল্যান্ডসের সাঁতারু শ্যারন ফন রউয়েন্ডাল। সেই পদক তিনি উৎসর্গ করেছেন প্রিয় পোষা কুকুর ‘রিও’কে। দুঃখজনক হলেও সত্য যে, রিও গত মে মাসে মারা যায়। তার স্মরণেই পদক উৎসর্গ করলেন শ্যারন।

প্যারিসের আলোচিত সেন নদীতে অনুষ্ঠিত মেয়েদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে সোনা জিততে শ্যারন সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড। অলিম্পিকে এটি তার দ্বিতীয় সোনা ও সব মিলিয়ে তৃতীয় পদক। ২০১৬ সালে রিও অলিম্পিকেও তিনি এই ইভেন্টে সোনা জিতেছিলেন। টোকিওতে পেয়েছিলেন রুপা।

এবার সোনা জয়ের পর শ্যারন বলেন, ‘(রিও মারা যাওয়ার পর) তিন সপ্তাহ আমি সাঁতারে কোনো মনোযোগই দিতে পারিনি। সে ছিল আমার ছোট্ট বাচ্চার মতো। এই ইভেন্টে নামার সময় মনে হয়েছিল, চেষ্টা করা যাক, আমি রিওর জন্য হৃদয়ের সবটুকু দিয়ে সাঁতরাবো এবং আমি পেরেছি; রিওর জন্য সোনা জিতেছি।’