মিসরকে বিধ্বস্ত করে অলিম্পিক ফুটবলে ব্রোঞ্জ মরক্কোর

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১২:২৯ পিএম

মিসরকে ৬-০ গোলে বিধ্বস্ত করে প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে ব্রোঞ্জ জিতেছে মরক্কো। নঁতেয় অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে প্যারিস অলিম্পিকে সুফিয়ান হাকিমির মোট গোলসংখ্যা হলো ৮। প্যারিস অলিম্পিকে এখন সুফিয়ানই সর্বোচ্চ গোলদাতা। আশরাফ হাকিমি, আবদে এজ্জালজৌলি, বিলাল এল খান্নুউস ও আকরাম নাকাচ মরক্কোর হয়ে একটি করে গোল করেন।

৮৭ মিনিটে ম্যাচে শেষ গোল হাকিমির। ফ্রি কিক থেকে ডান পায়ের দারুণ শটে ৩০ গজ দূর থেকে গোল করেন তিনি। অলিম্পিক ফুটবলে এটাই প্রথম পদক জয় মরক্কোর। উত্তর আফ্রিকা অঞ্চল থেকেও অলিম্পিক ফুটবলে এটা কোনো দেশের প্রথম পদক জয়। এবার অলিম্পিক ফুটবলে ৬ ম্যাচে এ নিয়ে ১৭ গোল করল মরক্কো।

প্রথমার্ধে দুটি গোল পেয়েছে মরক্কো। ২৩ মিনিটে এজ্জালজৌলি বক্সের ভেতর থেকে দারুণ শটে গোল করেন। তিন মিনিট পর ব্যবধান ২-০ করেন সুফিয়ান। বিরতির পর মরক্কোর হয়ে গোল করেন সুফিয়ান, বিলাল, নাকাচ ও হাকিমি।

প্যারিসে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ছেলেদের ফুটবলে সোনা জয়ের লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত