অন্তর্বর্তী সরকারকে স্বাগত, সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত চীন

বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে চীন। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে দেশটি। শুক্রবার (৯ আগস্ট) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ৮ আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সরকার নিয়ে চীনের মন্তব্য কী? এমন প্রশ্নে মুখপাত্র বলেন, চীন কঠোরভাবে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে।

‘আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সম্মান করি। আমরা আমাদের ভালো প্রতিবেশী এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল রয়েছি’ বলেন মুখপাত্র।

চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘ ও গভীর উল্লেখ করে মুখপাত্র বলেন, চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয়। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।