কাউন্সিলর নুর মোস্তফা টিনু কোথায়? কার্যালয়ে তালা

চার দিন ধরে তালা ঝুলছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তাফা টিনুর কার্যালয়ে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর থেকে কার্যালয়ে দেখা যায়নি তাকে। ফলে প্রয়োজনীয় সনদ না পেয়ে দুর্ভোগে পড়েছেন অসংখ্য সেবাগ্রহীতা।

ওয়ার্ড কার্যালয় বন্ধ কেন জানতে আজ শুক্রবার (৯ আগস্ট) বিকেলে একাধিকবার কল করা হলে নুর মোস্তাফা টিনুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সেবাগ্রহীতারা বলছেন, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে জন্মনিবন্ধন সনদ, জাতীয়তা সনদ, চারিত্রিক সনদ, উত্তরাধিকার সনদ, ওয়ারিশান সনদসহ প্রয়োজনীয় সব সনদ দেওয়া হয়। এসব সনদে ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষর লাগে। কিন্তু কাউন্সিলর ‘আত্মগোপনে’ থাকায় এখন তা ইস্যু করা যাচ্ছে না।

একসময় নিজেকে যুবলীগ নেতা ও আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর অনুসারী পরিচয় দিতেন নুর মোস্তফা টিনু। নির্বাচিত কাউন্সিলরের মৃত্যুর পর ২০২১ সালের ৭ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে ৭৮৯ ভোট পেয়ে জয়ী হন তিনি।

এর আগে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর নগরের কাপাসগোলা এলাকার বাসা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হন নুর মোস্তাফা টিনু। সেই মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরে জামিনে বের হন। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র আইনে মামলা রয়েছে।

নুর মোস্তফার টিনুর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো কিশোর গ্যাংদের ‘বড় ভাই’দের তালিকায় তার নাম রয়েছে। অবশ্য তিনি সবসময় এসব অভিযোগ অস্বীকার করেছেন। সেগুলো ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন।