ভাঙচুর, লুটতরাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে খুলনা বিএনপি ও অঙ্গ দলের কেউ জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
শুক্রবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় খুলনা মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সভা পরিচালনা সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
সভায় জানানো হয়, দল থেকে পদত্যাগ কিছু লোক বিএনপির নাম ব্যবহার করে দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালা দেয়। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করা হয়।
সভায় আরও জানানো হয়, নগরীর শৃঙ্খলা রক্ষার্থে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগীতা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরাজিত শক্তি হলেও তাদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়। সেইসঙ্গে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার, দেশপ্রেমিক প্রতিরক্ষা, প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।