জয়পুরহাট থানায় নেওয়া হচ্ছে জিডি

ভুক্তভোগীর সাধারণ ডায়েরি (জিডি) নেওয়ার মাধ্যমে পুড়ে যাওয়া জয়পুরহাট সদর থানার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সেনাবাহিনীর জয়পুরহাটের দায়িত্বে থাকা অফিসার লেফটেন্যান্ট কর্নেল জুবায়েরসহ অন্যরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া থানার বারান্দায় চেয়ারে বসে ওসি হুমায়ুন কবির আগত ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি (জিডি) করার কাজে সহযোগিতা করছেন। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম।

জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, ‘পুলিশের অ্যাকটিভিটি ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা একেবারেই অসম্ভব। সেনাবাহিনীর সদস্যরা জেলার সব থানায় গিয়ে এসব বিষয়ে পুলিশকে সহযোগিতা করছেন।’ ওসি হুমায়ুন কবির জানান, দুর্বৃত্তরা থানা পুড়িয়ে দিয়েছে। এতে থানার নথিপত্রসহ সব আসবাব পুড়ে গেছে। থানাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে।