সড়ক দুর্ঘটনায় মাদারীপুর জেলা আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) আইনজীবী জাকির হোসেন লোকমান মারা গেছেন। শনিবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন লোকমান জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আ.মান্নান উকিলের ছেলে। তিনি জেলা আদালতের সরকারি আইন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মাদারীপুর আদালতের পিপি আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, “জাকির হোসেন ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।”
স্থানীয় আজিজুল হক বলেন, “শনিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন জাকির হোসেন। ঢাকা যাওয়ার সময় তিনি বৃষ্টির কবল থেকে রক্ষা পেতে মোটরসাইকেল রেখে রাস্তা পাশের একটি যাত্রী ছাউনির নিচে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে জাকির ঘটনাস্থলে মারা যান বলে শুনেছি। জাকির হোসেন শিবচর উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।”