অন্তর্র্বর্তীকালীন সরকারে কুমিল্লার তিন মুখ

বাংলাদেশের অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে গঠন করা সরকারের তালিকায় রয়েছেন আরও ১৬ জন। তাদের মধ্যে তিনজন কুমিল্লার বাসিন্দা। তারা হলেন ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর মধ্যে ড. আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসানকে বন ও পরিবেশ মন্ত্রণালয় ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

ড. আসিফ নজরুল জেলার হোমনা উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামের সন্তান। তিনি একাধারে লেখক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। সৈয়দা রিজওয়ানা হাসান হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের আবু বকর সিদ্দিক লিটুর স্ত্রী। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলার) নির্বাহী পরিচালক। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আকুবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। সৈয়দা রিজওয়ানা হাসানের শাশুড়ি বেগম মঞ্জুরা জলিল বলেন, ‘আশা করি, আমার পুত্রবধূ দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।’ আসিফ মাহমুদের বাবা বেলাল হোসেন বলেন, ‘আসিফ জীবনের ঝুঁকি নিয়ে কোটা আন্দোলনের ডাক দিয়ে এই স্বৈরাচারী সরকারকে পতন করেছে। দোয়া করি সততার সঙ্গে যেন সে দায়িত্ব পালন করতে পারে।’