মতবিনিময়ে রাজশাহীর ডিসি

শিক্ষার্থীদের সব ইতিবাচক দাবির সঙ্গে আমরা একমত

রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেছেন, শিক্ষার্থীরা যে কাজগুলো করছেন, সবগুলোই ইতিবাচক। রাষ্ট্র সংস্কারের জন্য শিক্ষার্থীদের সব ইতিবাচক দাবির সঙ্গে আমরা একমত পোষণ করছি। আপনারা যেভাবে কাজ করছেন, আমরা আশাবাদী এ দেশ পরিবর্তন হবে। গতকাল শনিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম আহমেদ বলেন, ‘আমাদের পুলিশ কিংবা প্রশাসনেরও যদি কারও হাত রক্তে রঞ্জিত থাকে, তাহলে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণ হলে তার বিরুদ্ধে জেলা প্রশাসক হিসেবে আমার যে ভূমিকা পালন করা প্রয়োজন, সেই ব্যবস্থা আমি দ্বিধাহীন চিত্তে অবশ্যই অবশ্যই নেব।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা কাজ করছি, কেউই দায়ের বাইরে নই। সবারই দায় রয়েছে। তবে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। আমাদের বিবেকের কাছে পরিষ্কার

থাকতে হবে। অন্য ১০ জন কর্মচারীর মতো আমার দায় হচ্ছে, এই দেশকে ভালো রাখা। ’