বরগুনার তালতলীতে দেশের অস্থিতিশীলতার সুযোগে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক্সকাভেটর মেশিন দিয়ে ঘেরের বাঁধ কেটে মাছ লুট ও বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে ছয় একর জমি নিয়ে মাছের ঘের করেন সোহেল রানা। তিনি পাঁচ বছর ধরে ওই ঘেরে মাছ চাষ করে আসছেন। ওই ঘেরের মালিকানা দাবি করছেন একই গ্রামের আল-আমিন মৃধা, জসিম হাওলাদার, খলিল হাওলাদার, মো. জয়নাল ও সোলায়মান মৃধা। হঠাৎ গত শুক্রবার সন্ধ্যায় ওই জমি দখলে নেওয়ার জন্য তারা দুটি এক্সকাভেটর মেশিন দিয়ে ঘেরের বাঁধ কেটে মাছ লুট করে নিয়ে যায়। এ সময় তারা বসতবাড়িতেও হামলা চালায়।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের বড়াইগ্রামে দেশের অস্থিতিশীলতার সুযোগে জমি দখল করে বাড়ি তৈরির চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। গতকাল শনিবার সকালে বনপাড়া বাইপাস এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন ভুক্তভোগী জমির মালিক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমির মালিক জরিনা বেগম, তার স্বামী আবদুর রহিম খান প্রমুখ। সংবাদ সম্মেলনে জরিনা বেগম জানান, কালিকাপুর মহল্লার মকছেদ মন্ডল ও তার স্বজনরা এ কাজের সঙ্গে যুক্ত। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন মকছেদ মন্ডল।