নরসিংদীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ৪০

নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের উপর থেকে নিচে পড়ে গিয়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৪০ জন। রবিবার (১১ আগস্ট ) রাত দেড়টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান।

নিহতরা হলেন, সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফ এর ছেলে নুরুল ইসলাম (৫০) ও হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে নুর উদ্দিন (৪৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর আরেকটি ট্রাকের মুখোমুখি হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নুরুল ইসলাম নামে একজন নিহত হয়।

স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর উদ্দিন নামে আরেক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ১০ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।