নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বিলুপ্ত ঘোষণা

নাটোরে শিক্ষার্থীদের সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (১১ আগস্ট) সকালে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নাটোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সমাবেশে যোগ দেন। সমাবেশে শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরা উপস্থিত হন।

শিক্ষার্থীরা বলেন, রবিবার থেকে নাটোরে কোনো সমন্বয়ক কমিটি নেই, কেউ সমন্বয়ক না। আমরা দেশের জন্য তাজা রক্ত দিয়েছি। আমাদের ভাই-বোনেরা নিজের জীবন উৎসর্গ করেছে। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। আমাদের মধ্যে কোনো দল নেই। আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা সমন্বয়ক হতে আসি নাই। আমাদের একটাই উদ্দেশ্য ছিল স্বাধীনতা অর্জন। তা আমরা অর্জন করেছি। এখন থেকে আমরা অন্যায়, নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াব।

সমাবেশে কৃষি উদ্যোক্তা মো. সেলিম রেজা, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাজমুল হাসান, শিক্ষার্থী রনি, ইসাহাক, মুসা, জনিসহ শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য রাখেন।