প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার চাদরে খুলনা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও কর্মসূচির স্থানগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল।

নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। প্রধানমন্ত্রীর চলাচলের সম্ভাব্য পথও সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা।

বৃহস্পতিবার দিনব্যাপী সফরে বাগেরহাটের মোংলা বন্দর, হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার এবং খুলনা জেলা স্টেডিয়ামে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এসআরবির টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকেও অনেক সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াডও কাজ শুরু করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে চার স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত মঙ্গলবার নিরাপত্তাবিষয়ক বৈঠকে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। রূপসার কুদির বটতলা থেকে প্রধানমন্ত্রীর চলাচলের সম্ভাব্য সড়কগুলো পরিদর্শন করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সড়কপথে যাত্রার সময় প্রধানমন্ত্রী রূপসার কুদির বটতলা ও নগরীর ডাকবাংলো মোড়ে গাড়ি থামিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত