বগুড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদলের চার নেতা ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে দলীয়ভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহাদত হোসেন সোহাগ জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নির্দেশে বগুড়ার চার যুবদল নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তারা হলেন বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আলী রাঙ্গা, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন সরকার, গোকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল এবং শাজাহানপুর উপজেলা যুবদলের আহ্বায়ক নূর মোহাম্মদ।
জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাদিম মাহমুদ জানান, অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন দীপন প্রাং ও সদস্য সচিব সোহেল রানা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ ও সদস্য সচিব আবু হাসানের নির্দেশে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।