বিটিআরসির ২ কর্মকর্তা বরখাস্ত

অনিয়ম, দুর্নীতির অভিযোগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন প্রশাসন বিভাগের উপপরিচালক ও চেয়ারম্যানের পিএস (একান্ত সচিব) আমজাদ হোসেন নিপু এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস (ইঅ্যান্ডও) বিভাগের উপপরিচালক মাহদী আহমেদ।

এদিকে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দীন আহমেদসহ বিভিন্ন কর্মকর্তার অপসারণের দাবিতে গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।

তবে আন্দোলনকারীদের দাবি অনুযায়ী বিটিআরসি চেয়ারম্যানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। চেয়ারম্যানের পক্ষ থেকেও আসেনি পদত্যাগের কোনো সিদ্ধান্ত। এসব বিষয়ে জানতে বিটিআরসি চেয়ারম্যানের দুটি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

গতকাল বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এবং তার একান্ত সচিব আমজাদ অফিসে ছিলেন না। তবে উপপরিচালক মাহদীকে তার কক্ষে অবরুদ্ধ রাখেন বিক্ষোভকারীরা। পরে সন্ধ্যায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।