কক্সবাজারের টেকনাফে ২৯ কেজি ১৫০ গ্রাম স্বর্ণালংকার ও নগদ ২৬ হাজার ১০ টাকাসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালংয়ের ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইয়াহিয়া খান (৪৫) ও মিয়ানমারের মুংডুর সুইজা গ্রামের আনোয়ার সাদেক (৪০)। গতকাল রবিবার বিকেলে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি বড় চালান উত্তর ফুলের ডেইল গ্রামের একটি বাড়িতে রয়েছে এমন তথ্যে অভিযানটি পরিচালনা করে বিজিবি। বিজিবি এলাকাবাসীকে নিয়ে বাড়িটি ঘেরাও করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি ব্যাগ নিয়ে দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। জব্দ স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকা বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।