আওয়ামী লীগ সরকারের আমলে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় আওয়ামী লীগ আমলের একজন আইন কর্মকর্তাকে মারধর এবং আওয়ামী লীগপন্থি একাধিক আইনজীবীকে লাঞ্ছিত ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল রবিবার সকালে পুরান ঢাকার নিম্ন আদালতে এসব ঘটনা ঘটে। জানা গেছে, আওয়ামী লীগপন্থিরা সকালে ঢাকা বার দখল করতে পারে, এমন আশঙ্কায় বিএনপিপন্থি শতাধিক আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সামনে সমবেত হন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ঢাকা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের দেখা যায়নি। এরই মধ্যে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা ঢাকা বার এলাকা দখলে নেন।
বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভের সময় আদালত এলাকায় আওয়ামী লীগ আমলের বিকাশ কুমার নামে একজন আইন কর্মকর্তাকে দেখা গেলে বিএনপিপন্থিরা তাকে ধাওয়া দেয় এবং মারধর করে। এ ছাড়া তারেক আহসান নামে আরেকজন আওয়ামীপন্থি আইনজীবী লাঞ্ছনার শিকার হন বিএনপিপন্থি আইনজীবীদের হাতে।