ফুলেল শুভেচ্ছায় থানায় ফিরলো পুলিশ 

ফেনীতে ছাত্র-জনতা ও রাজনীতিবিদদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে থানা ও ফাঁড়িতে প্রবেশ করলো পুলিশ। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করে কাজ শুরু করা হয়।

সোমবার (১২ আগস্ট) সকালে ট্যাংক রোডের থানায় ও শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে অবস্থিত ফেনী শহর পুলিশ ফাঁড়ির সামনে ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে জড়ো হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে ২০-২৫ জনের পুলিশের একটি দল ফাঁড়িতে প্রবেশ করে। এ সময় ফাঁড়ির গেইটে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতারা ফুলেল শুভেচ্ছা জানায়।

এ সময় ফেনী জেলা জামায়াতের আমির একেএম শামসুদ্দিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী শহর আমির মো. ইলিয়াস, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

ফাঁড়িতে প্রবেশ করে ফুলেল শুভেচ্ছা জবাবে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, পুলিশের কিছু বিপথগামী সদস্যের কারণে আজকে আমরা এ ধরনের চরম একটা বিপর্যয়ের মুখে পড়েছি। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকব। সুন্দর একটি বাংলাদেশ গড়তে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এসময় তিনি বাংলাদেশ পুলিশের কিছু বিপথগামী সদস্যের অতীত কর্মকাণ্ডের জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন।

ফেনী মডেল থানার ওসি রুহুল আমিন বলেন, সকলের সহযোগিতা পেলে ফেনী মডেল থানার পুলিশ সদস্যরা জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনে মুখে সরকার পতনের পর ফেনীর তিনটি থানা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। তবে ফেনী শহর পুলিশ ফাঁড়িতে কোনো ধরনের হামলা হয়নি। ফলে ফাঁড়িটি অক্ষত ছিল।