দুটি ট্রাকে ৬০ জন ডাকাত, মাইক্রবাসে ডাকাত দল। এখনই চলে গেছে আরেক জায়গায়। আপনারা সজাগ হোন, মাইকিং করুন। এভাবেই চলছে গত কয়েকদিন থেকে মসজিদের মাইকে প্রচারণা। ফলে আতঙ্কে রয়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাধারণ জনগণ। পৌর শহরের প্রতিটি এলাকায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন প্রায় দুই শতাধিক ছাত্র জনতা। আর ফেসবুকে জানান দিচ্ছেন আমরা পাহারায় আছি। অন্যদিকে একটি মহল ফেসবুকের বিভিন্ন এলাকার নাম উল্লেখ্য করে পোস্ট দিচ্ছে বিভিন্ন এলাকায় ডাকাত ডুকেছে। আবার রাতে ছাত্র-জনতারা ডাকাত ধরতে না পারলেও চোর সন্দেহে ধরছেন অনেককে। যার কারণে আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ।
আর মাঠে পুলিশ না থাকার তাদের আতঙ্কের মাত্রা আরও বেড়েছে। যদিও সেনাবাহিনী তাদের টহল অব্যাহত রেখেছেন। অনেক জায়গায় খবর পাওয়া মাত্রই ছুটে যাচ্ছেন তারা। করছেন সহযোগিতা। তবে মানুষের জান-মালের রক্ষা ও প্রতিনিয়ত যাদের জন্য মানুষ রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারতেন সেই পুলিশ সদস্যসেদর মাত্র কয়েক দিনের অনুপস্থিত সাধারণ জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। পুলিশ মাঠে না থাকাতেই আতঙ্কে মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
জানা যায়, গত সোমবার (৫ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর দেশব্যাপী শুরু হয় এক অস্থির পরিবেশের। সহিংসতার ঘটনায় কর্মবিরতি যায় পুলিশ সদস্যরা।
এদিকে সাধারণ জনগণ চায় দ্রুত এই অস্থিরতা কেটে যাক। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামুক। জনগণ আতঙ্ক ছাড়া ঘুমাতে চায়। এদিকে (১২ আগস্ট) সকাল ১০ টা থেকে আদমদীঘি থানা ও সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা জনগণকে সেবা দেওয়া শুরু করেছে। থানার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। এছাড়া জনগণের জানমাল নিরাপত্তায় সড়কে যৌথভাবে টহল দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ।
সান্তাহার পৌর শহরের পৌওতা এলাকার তৌফিক বলেন, ডাকাত আতঙ্কের খবরে আমরা প্রতিদিন রাত জেগে পাহারা দিচ্ছি। আমরা পাহারায় ছিলাম কোনো অসুবিধা হয়নি। তবে আমরা এই আতঙ্ক নিয়ে রাত কাটাতে চাই না। স্বাধীনভাবে থাকতে চাই।
পৌর এলাকার কয়েকজন বলেন, আমরা ডাকাত আতঙ্কে আছি। তাই প্রতিটি বাড়ি থেকে একজন করে নিয়ে দলবদ্ধ হয়ে রাতে পাহারা দিচ্ছি। তবে এখনও পর্যন্ত কারো বাড়িতে ডাকাতি হয়নি বলে জানান তারা।
শহরের রথবাড়ি এলাকার রাজেন রাজ বলেন, শুক্রবার রাতে আমরা সন্দেহভাজন একজনকে ধরি তার সাথে আরও ৩ জন ছিল তারা পালিয়ে যায়। তার কাছে থেকে আমারা দেশিয় অস্ত্র পাই। সে চুরির উদ্দেশ্য আসছিল।
চাল বাজার এলাকার রাহুল পারভেজ বলেন, শনিবার রাতে সান্তাহার ডাক বাংলোর ভেতরের পুকুরে মাছ চুরির সময় একজনকে ধরা হয়। এছাড়া ডাকাত আতংক ছাড়া তেমন কোনো সমস্যা নেই।
সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে প্রায় দুই শতাধিক ছাত্র—জনতা রাতে পাহারার কাজ করছে। মন্দিরসহ বিভিন্ন ধমীর্য় প্রতিষ্ঠান মহল্লার বাড়িঘর রাস্তা ঘাটে রাতে পাহারা দিচ্ছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, থানার ও সান্তাহার পুলিশ ফাঁড়ির সকল পুলিশ সদস্যরা সেবা দিচ্ছে। রবিবার রাত থেকে পুলিশের টহল শুরু হবে। পাশাপাশি চুরি, ডাকাতি বা যেকোনো অপরাধ দমনে আদমদীঘি থানা পুলিশ কাজ করে যাবে।