এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিমের অপসারণ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। পাশাপাশি কর্মচারীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অপসারণ না হলে দেশব্যাপী ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউজ ও কর অঞ্চলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে আগারগাঁও এনবিআর ভবনের সামনে সংস্থাটির আয়কর, মূল্য সংযোজন কর (মূসক), ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মচারীদের বিক্ষোভ থেকে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া এনবিআরের সব কর্মচারী চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে আলটিমেটামের পাশাপাশি পদত্যাগের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি সংগঠন। দাবি না মানলে কাল বুধবার থেকে এনবিআর থেকে শুরু করে সারা দেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউজ ও কর অঞ্চলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় বিগত সরকারের আমলে এনবিআরের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতির দাবি জানান।
গতকাল আগারগাঁওয়ের এনবিআর ভবনের ভেতরে দেখা গেছে, বেশিরভাগ কক্ষই ফাঁকা। কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা কার্যালয়ে এলেও পরে চলে গেছেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এনবিআর কার্যালয়ে আর আসেননি।
গত বৃহস্পতিবার আয়কর এবং শুল্ক ও ভ্যাট এই দুটি শ্রেণির বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সংগঠনও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিবৃতি দিয়েছেন।