অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলোর বিষয়ে আজ আলোচনা হতে পারে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় কোন প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে এবং কোনগুলো বাতিল বা অগুরুত্বপূর্ণ তালিকায় রাখা হবে, সেসব বিষয়ে নির্দেশনা আসতে পারে।
পরিকল্পনা কমিশনের ভৌত ও অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) এমদাদ উল্লাহ মিয়ান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পলিসি অনুযায়ী আমাদের পরিকল্পনা সাজানো হবে। সভায় আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরব। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, গুরুত্বসহ নানা দিক নিয়ে আমরা উপদেষ্টার সঙ্গে আলোচনা করব। উপদেষ্টা আমাদের যেভাবে কাজ করার জন্য বলবে, আমরা সেভাবে কাজ করব। তবে এখন পর্যন্ত আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিইনি।
গতকাল পরিকল্পনা কমিশনে গিয়ে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে বরণ করে নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। সাবেক পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। সেখানে উপদেষ্টার নেমপ্লেট টানানো হয়েছে। এ ছাড়া পিএস, পিও ও প্রশাসনিক কর্মকর্তাদের পদবির আগের মন্ত্রীর স্থলে উপদেষ্টা লেখা হয়েছে। যেসব আগে ছিল মন্ত্রীর পিএস, এখন লেখা হয়েছে উপদেষ্টার পিএস।