২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা শহরের মোক্তারপাড়া পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে ‘নেত্রকোনা সর্বস্তরের জনগণে’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জিয়া পরিষদের জেলা কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী মুন্নার সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপি নেতা সানাউল হক, জেলা জাসাসের সাবেক সভাপতি তানভীর জাহান চৌধুরী, যুবদল নেতা ফারদিন চৌধুরী, জেলা ছাত্রদলের সহসভাপতি রায়হান ফরাস, ছাত্রদল নেতা ফয়সাল তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি জোট সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তাকে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। বেশ কয়েকটি মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। এসব পরিহার করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।