বরিশাল নগরীতে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের তল্লাশির সময় ডাকাত সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) ভোরে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
নিহত তরুণের নাম রাসিব আকন (১৯)। তিনি বরগুনা বেতাগী উপজেলার হোসনাবাদের ছোপখালী এলাকার বাসিন্দা ইউনুস আকনের ছেলে। রাসিব তার বাবার সঙ্গে গভীর নলকূপ স্থাপনের শ্রমিক হিসাবে কাজ করতেন।
কোতয়ালী মডেল থানার এসআই মো. মাইনুল ইসলাম জানান, ভোরের দিকে নগরীর নথুল্লাবাদ থেকে রাসিব ব্যাটারিচালিত রিকশায় হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় পৌঁছালে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা তাকে তল্লাশি করে। এ সময় রাসিবের কাছে একটি চাকু ও বটি দা পাওয়া যায়। পরে তাদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে শিক্ষার্থীরা ডাকাত সন্দেহে তাকে পিটিয়ে আহত করে।
সরকারি বরিশাল হাতেম আলী কলেজের ডিগ্রির শিক্ষার্থী শেখ সাফায়েত বলেন, “ভোরে শিক্ষার্থীরা রাসিবকে তল্লাশি করলে তার কাছে থাকা ব্যাগ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তখন মানুষ ডাকাত সন্দেহে তাকে পিটুনি দেয়। পরে রাসিবকে উদ্ধার করে কোতয়ালী মডেল থানায় নেওয়া হয়।”
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “গুরুতর আহত অবস্থায় রাসিবকে থানায় নিয়ে আসে শিক্ষার্থীরা। এসময় তাকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।”
নিহত রাসিবের মা শিউলি বেগম ও ভাই রাকিব আকন এই ঘটনার বিচার দাবি করে হত্যা মামলা দায়ের করবেন বলে জানান তারা।