বগুড়ায় রোড মার্চ ও সমাবেশে শেখ হাসিনার ফাঁসি দাবি

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্ষিপ্ত সমাবেশ ও রোড মার্চে শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি ‘রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ’ পালনে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বগুড়ায় জিলা স্কুলের সামনে থেকে রোড মার্চ বের করা হয়। রোড মার্চটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।

সমাবেশে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দাবি করা হয়। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সুসংগঠিত হওয়ার বিষয়ে বক্তব্য রাখায় স্বরাষ্ট্র উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেনের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা বা তা প্রত্যাহারের দাবি জানানো হয়। সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতা ইজাজ আল ওয়াসি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। অবিলম্বে এ হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত্যাকা-ের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ফাঁসি কার্যকর করতে হবে।