ভারতের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে যাচ্ছে। গুঞ্জন সত্যি করে গত মাসে স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। ক্রিকেট থেকে আপাতত দূরে আছেন ভারতের এই পেস বোলিং অল-রাউন্ডার। তাকে একা একাই ছুটি কাটাতে দেখা গেছে।
ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ভিডিও পোস্ট করেছেন হার্দিক। তবে তিনি কোথায় গেছেন, সে বিষয়ে কিছু জানাননি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল ইস্যুতে তিনি ব্যাপক সমালোচিত হয়েছিলেন। তাকে বিশ্বকাপ দলে নেওয়ার সমালোচনা হয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালের শেষ ওভারে বোলিংয়ে এসে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দেন হার্দিক। এরপর ভেঙে পড়েন কান্নায়।
চারদিকে তখন হার্দিক বন্দনা চলতে থাকলেও ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতি তৈরি হয়। বিশ্বকাপের আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, নাতাশার সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে। এমনকি, বিশ্বকাপ জয়ের পরও হার্দিককে নিয়ে কিছু বলেননি নাতাশা। দেশে ফেরার পরে পুত্র অগস্ত্যের সঙ্গে উল্লাস করলেও নাতাশার সঙ্গে দেখা যায়নি হার্দিককে। পরে সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন হার্দিক।